দিনাজপুরের বিরামপুর পৌর শহরের বড় মাঠে বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত হলো ছাত্র–যুব–নাগরিক সমাবেশ ২০২৫। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে। শুরু থেকেই তরুণদের উপস্থিতি, স্লোগান ও প্রাণবন্ত পরিবেশে সমাবেশটি ভিন্ন মাত্রা পায়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর–৬ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম। তিনি তরুণ–যুব সমাজকে নৈতিকতা, দেশপ্রেম ও দায়িত্ববোধে উজ্জীবিত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “জাতির সবচেয়ে বড় সম্পদ আমাদের তরুণরা। সমাজে ন্যায় ও আদর্শ প্রতিষ্ঠায় তাদেরই এগিয়ে আসতে হবে। শুধু ডিগ্রি নয়, সততা, সহমর্মিতা ও সামাজিক দায়িত্বই প্রকৃত নেতৃত্বের মূল চাবিকাঠি।”
প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, “দেশের প্রতিটি ইতিবাচক পরিবর্তনের পেছনে তরুণদের ভূমিকা অনস্বীকার্য। সঠিক দিকনির্দেশনা ও শক্তিশালী নেতৃত্ব গড়ে তুলতেই আমাদের এই আয়োজন। আজকের তরুণ যদি নীতিনিষ্ঠ ও দায়িত্ববান হয়, আগামী বাংলাদেশ হবে ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ।” তিনি সমাজে অনৈতিকতা ও শিক্ষার সংকট দূর করতে সংগঠিত উদ্যোগের ওপরও জোর দেন।
সভাপতির বক্তব্যে জামায়াতে ইসলামী দিনাজপুর জেলার সেক্রেটারি ও কেন্দ্রীয় শূরা সদস্য মুহাদ্দিস ড. এনামুল হক বলেন, “প্রতিযোগিতামুখী পৃথিবীতে টিকে থাকতে হলে কঠোর পরিশ্রম, নিয়মিত চর্চা ও আধুনিক শিক্ষায় দক্ষতা জরুরি। শুধু মিছিল–মিটিং নয়, মানুষকে ভালোবাসা, সমাজ উন্নয়ন ও নৈতিকতা বজায় রাখাই প্রকৃত নেতৃত্ব।”
সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি ও বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, জেলা সভাপতি মোহাম্মদ আব্দুর রহমান জাল্লাদসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
শান্তিপূর্ণভাবে সম্পন্ন এ সমাবেশে বক্তারা তরুণদের সুশিক্ষা, চরিত্রগঠন ও দায়িত্বশীল নাগরিকত্ব চর্চার মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ গড়ার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।