দিনাজপুরের বিরামপুরে টেলিভিশনে কার্টুন দেখার জন্য ফুসলিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে গিয়ে দুই মেয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মমিনুল ইসলাম (৫৪) নামে একজনকে আটক করে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের দিওড় উত্তরপাড়া গ্রামের মমিনুল ইসলাম প্রতিবেশি ৭ বছরের ২জন শিশুকে গত মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যার দিকে টেলিভিশনে কার্টুন দেখার প্রলোভন দেখিয়ে হাত ধরে তার বসত বাড়ির ঘরের ভিতর নিয়ে যায় এবং ঘরের দরজা জানালা লাগিয়ে দেয়। এক পর্যায়ে মেয়ে শিশু ২জনকে বিভিন্ন ধরনের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে তাদের মধ্যে একজনের পড়নের কাপড় খুলে তাকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। এ সময় শিশু ২জন ভয়ে চিৎকার করলে অভিযুক্ত মমিনুল ইসলাম তাদের গলা চেপে ধরে এই বিষয়ে কাউকে কিছু বললে গলা টিপে মেরে ফেলার হুমকি দেয়।
এছাড়াও শিশুদের বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে। পরে ভুক্তভোগী শিশুরা নিজেদের বাড়িতে এসে তাদের মায়ের কাছে ভয়ে কান্নাকাটি করতে থাকে এবং পুরো ঘটনা খুলে বলে। শিশুকে ধর্ষণ চেষ্টার বিষয়টি এলাকায় জানাজানি হলে আসামি মমিনুল ইসলাম কৌশলে বাড়ি থেকে পালিয়ে যায়। পরে ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে মমিনুল ইসলামকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। বর্তমানে শিশু ২জন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, এ বিষয়ে ভুক্তভোগী শিশুর মধ্যে ১জনের বাবা বেলাল হোসেন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত মমিনুল ইসলামকে আসামী করে থানায় মামলা করেছে এবং গ্রেফতারকৃত আসামিকে বুধবার (১২ মার্চ) দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
মোঃ শাহ্ আলম মন্ডল /এমআই
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।