দিনাজপুরের বিরামপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোটারদের মাঝে জিলাপির টোকেন বিতরণের সময় তিনজনকে আটক করেছে প্রশাসন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌরশহরের পলাশবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে আটক তিন ব্যক্তি বিরামপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পলাশবাড়ী এলাকায় ভোটারদের মাঝে গোপনে জিলাপির টোকেন বিতরণ করছিলেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের আটক করে প্রশাসনকে খবর দেন।
খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরীন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় জিলাপির বেশ কিছু টোকেনসহ তিনজনকে আটক করে বিরামপুর থানায় সোপর্দ করা হয়।
আটকরা হলেন—পৌর শহরের কলেজ বাজার চাঁদপুর এলাকার মৃত তাফাজ উদ্দীনের ছেলে মুকুল সরকার, উপজেলা পরিষদের পূর্ব পাশের মহল্লার মৃত লালু ব্যাপারীর ছেলে শামসুল হক এবং শিমুলতলী গড়েরপাড় এলাকার মৃত ফজর উদ্দিনের ছেলে আব্দুল জলিল।
ওসি জানান, ভোটারদের মাঝে টোকেন বিতরণের অভিযোগে তাদের আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। বর্তমানে আটক ব্যক্তিরা বিরামপুর থানায় পুলিশের হেফাজতে রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।