দিনাজপুরের বিরামপুরে জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণের সময় জামায়াতের দুই কর্মীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের দিন সকাল ৮টায় পৌর শহরের চকপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার।
স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে আটক দুই ব্যক্তি বিরামপুর পৌরসভার ২নং ওয়ার্ডের ফিসারি অফিস সংলগ্ন চকপাড়া কল্যাণপুর গ্রামে প্রবেশ করে আদিবাসী পাড়া ও তৎসংলগ্ন এলাকায় স্থানীয় ভোটারদের মাঝে গোপনে ভোটারপ্রতি ৫০ টাকা করে বিতরণ করছিলেন। এ সময় স্থানীয়রা টাকাসহ তাদের হাতেনাতে আটক করে প্রশাসনকে অবহিত করেন।
খবর পেয়ে নির্বাচনে দায়িত্ব পালনকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোঃ লিয়াকত আলী সেখ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুইজনকে আটক করে বিরামপুর থানায় সোপর্দ করেন। আটককৃত দুইজন দাড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোটারদের নগদ টাকা বিতরণের বিষয়টি স্বীকার করেছেন বলে জানা গেছে।
আটককৃতরা হলেন—বিরামপুর পৌরসভার ২নং ওয়ার্ডের প্রফেসর পাড়া মহল্লার আজিম উদ্দীনের ছেলে নুরুল আমিন ইমন (৩৫) এবং চকপাড়া (পাহানপাড়া) গ্রামের গাব্রিয়েল মন্ডলের ছেলে সেতু মন্ডল (৩৪)।
আটক ব্যক্তিরা বর্তমানে বিরামপুর থানায় পুলিশের হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।