মোঃ শাহ্ আলম মন্ডল , দিনাজপুর প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৬ , ১:১২:৫৩ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের বিরামপুর উপজেলা-এ যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার দিবাগত রাত ১২টা ০১ মিনিটে একুশের প্রথম প্রহরে বিরামপুর কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রথমে দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন-এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন, পৌরসভা কর্তৃপক্ষ, উপজেলা পরিষদ, **বিরামপুর প্রেসক্লাব**সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও মহিলা দল—বিরামপুর উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
তবে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী কিংবা এনসিপির পক্ষ থেকে একুশের প্রথম প্রহরে বিরামপুর কেন্দ্রীয় শহীদ মিনারে কোনো পুষ্পস্তবক অর্পণ করা হয়নি। এ সময় দল দুটির কোনো নেতাকর্মীকেও শহীদ মিনার প্রাঙ্গণে দেখা যায়নি।
পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত সবাই কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সরকারি নির্দেশনা অনুযায়ী শনিবার দিনব্যাপী বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে। পাশাপাশি স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর উদ্যোগেও পৃথক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।




















