রাজনীতি

বিরামপুর সীমান্তে রাতের আঁধারে বেড়া নির্মাণে আতঙ্ক

  মোঃ শাহ্ আলম মন্ডল, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২৫ , ৫:৪৫:০৫ প্রিন্ট সংস্করণ

দিনাজপুরের বিরামপুর উপজেলার ভারতীয় সীমান্তে রাতের আঁধারে বেড়া নির্মাণের ঘটনা ঘটেছে। এতে সীমান্ত এলাকার সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার খিয়ার মাহমুদপুর সীমান্তের ভারতীয় অংশে বাঁশ দিয়ে প্রায় আধা কিলোমিটার দীর্ঘ বেড়া নির্মাণ করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ২৯১/২৯ নম্বর সাব-সীমানা পিলার থেকে প্রায় ১০ গজ ভেতরে ভারতীয় ভূখণ্ডে এই বেড়া তৈরি করা হয়।

কাটলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য শুকুর আলী সরকার অভিযোগ করেন, “রাতের আঁধারে হঠাৎ করে বেড়া নির্মাণ করায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিজিবির উদাসীনতার কারণেই বিএসএফ এমন সাহস দেখিয়েছে।”

তবে বিষয়টি ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আরিফুর দৌলা। তিনি বলেন, “এটি বিএসএফ নয়, সীমান্তবর্তী ভারতীয় কৃষকেরা ধানক্ষেত রক্ষার জন্য নিজেরাই গভীর রাতে বেড়া নির্মাণ করেছেন। ইতিমধ্যে বিএসএফের সঙ্গে আলোচনা হয়েছে। আজ বিকেল ৫টায় পতাকা বৈঠকের মাধ্যমে বেড়া অপসারণ করা হবে।”

সীমান্তে হঠাৎ বেড়া নির্মাণের ঘটনাকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

আরও খবর

Sponsered content