বিশ্বকাপ ২০২৬-এর ফ্রান্স দলে জায়গা না পেয়ে ভিন্ন পথে সময় কাটাচ্ছেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা। জাতীয় দলের আন্তর্জাতিক বিরতিতে যখন সতীর্থরা বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত, তখন তিনি বেছে নিয়েছেন পড়াশোনার পথ।
ফুটবল মাঠের বদলে এবার তাকে দেখা গেছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত হার্ভার্ড বিজনেস স্কুলে। তিনি স্পোর্টস ও বিনোদন বিষয়ক একটি বিশেষ শিক্ষামূলক প্রোগ্রামে অংশ নেন। এটি বোস্টনের কাছে অবস্থিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান।
২৩ বছর বয়সী এই ফরাসি ফুটবলার সামাজিক যোগাযোগমাধ্যমে তার অভিজ্ঞতা শেয়ার করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছবি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, `কয়েকদিন শেখা, শোনা এবং ব্যক্তিগতভাবে উন্নতির জন্য।‘
আশ্চর্যের বিষয় হলো, কামাভিঙ্গা যখন হার্ভার্ডে ক্লাস করছিলেন, তখন ফ্রান্স জাতীয় দল খুব কাছেই ম্যাসাচুসেটসের একটি বিশ্ববিদ্যালয়ে বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প করছিল।
এর আগে কামাভিঙ্গা ২০২২ সালের বিশ্বকাপে ফ্রান্স দলে ছিলেন এবং আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে মাঠে নেমেছিলেন, যেখানে তারা রানার্সআপ হয়।
তবে এবার পরিস্থিতি ভিন্ন। রিয়াল মাদ্রিদে পুরো মৌসুমে তিনি নিয়মিত প্রথম একাদশে জায়গা পাননি। খেলায় কম সময় পাওয়ায় শেষ পর্যন্ত কোচ দিদিয়ে দেশম তাকে বিশ্বকাপ স্কোয়াডে রাখেননি।
এদিকে ফ্রান্স যখন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বিশ্বকাপ জয়ের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে, তখন কামাভিঙ্গা মাঠের বাইরে ভিন্ন এক পথে নিজেকে আরও উন্নত করার চেষ্টা করছেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।