
নৌবাহিনীর বি-২০২৬ ব্যাচের ৪৬৭ জন নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। ২২ সপ্তাহের প্রশিক্ষণ শেষে রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টায় পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ হয়।
কুচকাওয়াজে নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে তিনি কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের হাতে পুরস্কার তুলে দেন।
বি-২০২৬ ব্যাচে সর্বোচ্চ উৎকর্ষতা অর্জন করে সেরা নাবিক হিসেবে ‘নৌপ্রধান পদক’ লাভ করেন সেজান মাহমুদ। এ ছাড়া দ্বিতীয় স্থান অর্জন করে ‘কমখুল পদক’ পান মুজাহিদুল ইসলাম এবং তৃতীয় স্থান অর্জন করে ‘শের-ই-বাংলা পদক’ লাভ করেন শাকিল হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান মুক্তিযুদ্ধ ও নৌ-কমান্ডোদের অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, সমুদ্রসীমা রক্ষায় নবীন নাবিকরা ভূমিকা রাখবেন। পায়রা সমুদ্রবন্দরসহ উপকূলীয় এলাকার নিরাপত্তায় বানৌজা শের-ই-বাংলা ঘাঁটির ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।
নবীন নাবিকদের উদ্দেশে নৌবাহিনী প্রধান সততা, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি সেনা ও বিমানবাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করার ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন অঞ্চলের আমন্ত্রিত ব্যক্তি এবং নবীন নাবিকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।