
নোয়াখালীর বেগমগঞ্জে বিবি কুলসুম সুমাইয়া (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির সৎমা শিউলি আক্তার (২৫) কে গ্রেপ্তার করে সোমবার (১১ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গত রোববার বিকেল ৩টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের নুরবক্স চাপরাশি বাড়ি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত সুমাইয়া সৌদি প্রবাসী ফয়সাল আহমদের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমাইয়া তার সৎমা শিউলির সঙ্গে চৌমুহনী পৌরসভার একটি ভাড়া বাসায় থাকত। শনিবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিউলি সৎ মেয়েকে মারধর করে এবং পরে গোসল করিয়ে ঘুম পাড়ায়। বিকেলে ঘুমন্ত অবস্থায় শিশুটি মৃত বলে দেখতে পেয়ে স্বামীকে খবর দেয় শিউলি। ডাক্তার এনে পরীক্ষা করার পর শিশুটি অনেক আগে মারা গেছে বলে জানান চিকিৎসক।
প্রবাসী স্বামীর পরামর্শে সৎমা রাতে অ্যাম্বুলেন্সে মরদেহ দাফনের জন্য খানপুর গ্রামের বাড়িতে নিয়ে আসে। পরদিন সকালে গোসল করানোর সময় স্থানীয়রা শিশুর গলা ও কানে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেয়।
বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মরদেহের গলা ও ডান কানে আঘাতের চিহ্ন দেখে সৎমাকে গ্রেপ্তার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের দাদী মারজাহান বেগম বাদী হয়ে শিউলিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আদালত শুনানি শেষে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।