
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমানকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই সেই প্রজ্ঞাপন বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
বিকেলে জারি করা প্রথম প্রজ্ঞাপনে (স্মারক নম্বর: ৩৭.০০.০০০০.০৭৯.১১.১৮১.২২-২০৭) বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯-এর ১০(১) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমানকে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তবে ওই প্রজ্ঞাপন জারির অল্প সময় পরই একই কর্মকর্তার স্বাক্ষরিত আরেকটি প্রজ্ঞাপনে (স্মারক নম্বর: ৩৭.০০.০০০০.০৭৯.১১.১৮১.২২-২০৮) পূর্বের আদেশ বাতিল করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ড. আনিসুর রহমান ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদের ভগ্নিপতি।
নুরুজ্জামান আহমেদ লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগ সরকারের দ্বিতীয় মেয়াদে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এবং তৃতীয় মেয়াদে সমাজকল্যাণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
সংশ্লিষ্টদের ধারণা, রাজনৈতিক বিতর্ক ও পারিবারিক পরিচয় ঘিরে সমালোচনার কারণেই ড. আনিসুর রহমানের নিয়োগ বাতিল করা হয়ে থাকতে পারে।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।