জাতীয়

ব্যবসা ও বিনিয়োগকে সহজীকরণ করতে চাই: বাণিজ্যমন্ত্রী

  প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:২২:০৯ প্রিন্ট সংস্করণ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘আমরা ব্যবসা ও বিনিয়োগকে সহজীকরণ করতে চাই। বিগত ৩ বছর অর্থনীতি স্থবির ছিল, বিনিয়োগ তেমন আসেনি। আমাদের দেশে প্রতিবছর ২০ লাখ লোক কর্মে প্রবেশ করে, এই দেশকে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি করতে চাই। আগামী সময়ে সেটি আপনারা দেখতে পাবেন।’

আজ বুধবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর অফিসে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৈঠক করেছেন। বৈঠকে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক যাতে ভবিষ্যতে আরও দৃঢ় হয় সে লক্ষ্যে বাংলাদেশ কাজ করবে।’

এ সময় তিনি বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

এ সময় ইইউ রাষ্ট্রদূত বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও বেগবান করতে চায়। নন ট্যারিফ বাধাগুলো অপসারণে তিনি বাণিজ্যমন্ত্রীর সহযোগিতা চান। একই সঙ্গে তিনি বাংলাদেশের রপ্তানি পণ্যে বৈচিত্র্য বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

মাইকেল মিলার বলেন, বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় দেশসমূহের অংশীদারত্ব বজায় থাকবে। এসময় তিনি দ্বিপক্ষীয় ব্যবসা বাণিজ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানান।

এ সময় বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রপ্তানি মো. আবদুর রহিম খান, অতিরিক্ত সচিব আয়েশা আক্তার উপস্থিত ছিলেন।

ইইউ প্রতিনিধিদলে স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিসটিয়াগা, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মুলার, ফ্রান্সের রাষ্ট্রদূত ফ্রেডরিক ইনজা, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক, ইতালির রাষ্ট্রদূত এন্তোনিও আলসান্দ্রে, জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ, ফ্রান্সের রাষ্ট্রদূত জরিস ভ্যান বোমেল এবং ইউরোপীয় ইউনিয়নের ট্রেড অ্যাডভাইজর আবু সাঈদ বেলাল উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content