ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: ১৫ জুলাই ২০২৬ , ১২:০৭:৩০ প্রিন্ট সংস্করণ
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, সাবেক শিক্ষামন্ত্রী ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রংপুরের বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি খয়রাত হোসেন (কাজী)। বিশেষ অতিথি ছিলেন বদরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কলেজের সাবেক সহকারী অধ্যাপক আজিজুল হক।
কলেজের অধ্যক্ষ বিমলেন্দু সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য শ্যামল লোহানি, লুৎফর রহমান, আলহাজ মফিজুল ইসলাম শাহ, উপাধ্যক্ষ রুহুল আমিন পাইকার, ফরহাদ হোসেন, আশরাফুল সরকার, সাইফুর রহমান, মনিরুজ্জামান, আহসান হাবিবসহ কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।
এ সময় সাংবাদিক ফারুক হোসেন (নয়ন), সাংবাদিক আকাশ রহমান এবং সাংবাদিক শিবলু লোহানীও উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন গভর্নিং বডির সদস্য অধ্যক্ষ আব্দুর রাজ্জাক।
আলোচনা সভায় বক্তারা ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রাজনৈতিক জীবন, দেশ ও জাতির প্রতি অবদান এবং শিক্ষা ক্ষেত্রে তাঁর ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বক্তব্যে আজিজুল হক বলেন, সম্প্রতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের সঙ্গে তাঁর কুশল বিনিময়ের সময় বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছিল।
অনুষ্ঠানে জানানো হয়, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ১৯৯৪ সালের ২৩ জুলাই বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং কলেজ প্রাঙ্গণে একটি মেহগনি গাছের চারা রোপণ করেছিলেন।
উল্লেখ্য, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার গত ১২ জুলাই ২০২৬ ইন্তেকাল করেন। ওই দিন জাতীয় এইচএসসি পরীক্ষা চলমান থাকায় নির্ধারিত সময়ে শোকসভা আয়োজন সম্ভব হয়নি। পরে ১৪ জুলাই দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।





















