ভুবন কুমারীল, কুড়িগ্রাম প্রতিনিধি: ১৭ মার্চ ২০২৬ , ৬:৩৯:৪৭ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে মো. ইব্রাহিম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের ফলুয়ার চর নৌকা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম উপজেলার ফলুয়ার চর গ্রামের বাসিন্দা মো. হোসেন আলীর ছেলে।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার দুপুরে নৌকা ঘাট এলাকায় অন্য শিশুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে ইব্রাহিম। একপর্যায়ে অসাবধানতাবশত সে গভীর পানিতে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন দ্রুত নদীতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা শুরু করেন। কিছু সময় পর তাকে নদী থেকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রৌমারী থানার এসআই (অতিরিক্ত দায়িত্ব) কাউসার আলী বলেন, “ঘটনাটি এখনো থানায় আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বিষয়টি খোঁজ নিয়ে বিস্তারিত জানা যাবে।”




















