খেলার অতিরিক্ত সময়ে গোল করে ২-১ গোলে জাপানকে নাটকীয়ভাবে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। এই জয়ের ফলে বহু প্রতীক্ষিত হেক্সা মিশনে ষষ্ঠ শিরোপার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
কার্লো আনচেলত্তির দলের সামনে এখন নকআউট পর্বের কঠিন পথ। শিরোপা জিততে হলে শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল- টানা চারটি ম্যাচে জয় পেতে হবে সেলেসাওদের।
শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ হবে আইভরি কোস্ট ও নরওয়ের মধ্যকার ম্যাচের বিজয়ী দল। আজ মঙ্গলবার দুই দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।
ব্রাজিলের শেষ ষোলোর ম্যাচটি হবে আগামী ৬ জুলাই। বাংলাদেশ সময় রাত ২টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির স্টেডিয়ামে মাঠে নামবে তারা। উল্লেখযোগ্য বিষয় হলো, এবারের বিশ্বকাপে এই স্টেডিয়ামেই নিজেদের প্রথম ম্যাচ খেলেছিল ব্রাজিল।
এদিকে শেষ ষোলো পেরোতে পারলে ১২ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় কোয়ার্টার ফাইনালে খেলবে ব্রাজিল।
এই পর্বে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ চারটি দল- মেক্সিকো, ইকুয়েডর, ইংল্যান্ড অথবা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (ডিআর কঙ্গো)।
মেক্সিকো ও ইকুয়েডর বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় মুখোমুখি হবে। একই দিন রাত ১১টায় ইংল্যান্ড খেলবে ডিআর কঙ্গোর বিপক্ষে। এই দুটি ম্যাচের বিজয়ীরা পরবর্তী ধাপে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ নির্ধারণ করবে।
কোয়ার্টার ফাইনাল জিততে পারলে ব্রাজিল ১৬ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় সেমিফাইনালে মাঠে নামবে।
সেমিফাইনালে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে আর্জেন্টিনা, কেপ ভার্দে, অস্ট্রেলিয়া, মিশর, কলম্বিয়া, ঘানা, সুইজারল্যান্ড অথবা আলজেরিয়ার মধ্যে কোনো একটি দল।
বিশেষ করে সেমিফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণের সম্ভাবনা ফুটবলপ্রেমীদের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে।
সব বাধা পেরিয়ে ফাইনালে উঠতে পারলে ২০ জুলাই নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার জন্য লড়বে ব্রাজিল। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়ার কথা।
ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ আসবে টুর্নামেন্টের অন্য ব্র্যাকেট থেকে, যেখানে রয়েছে বর্তমান সময়ের বেশ কয়েকটি শক্তিশালী দল।
সম্ভাব্য প্রতিপক্ষের তালিকায় রয়েছে ফ্রান্স, স্পেন, পর্তুগাল, বেলজিয়াম, যুক্তরাষ্ট্র, কানাডা, সুইডেন, প্যারাগুয়ে, মরক্কো, ক্রোয়েশিয়া, অস্ট্রিয়া, সেনেগাল এবং বসনিয়া ও হার্জেগোভিনা।
এই দলগুলো একই ব্র্যাকেটে থাকায় শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে নিজেদের মধ্যে লড়াই করবে। ফলে ব্রাজিল যদি ফাইনালে ওঠে, তাহলে এই দলগুলোর মধ্য থেকে কেবল একটি দলই তাদের প্রতিপক্ষ হবে।
জাপানের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর শেষ ষোলো নিশ্চিত করলেও ব্রাজিলের সামনে এখন আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে কার্লো আনচেলত্তির অভিজ্ঞ নেতৃত্বে সেলেসাওরা নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যেতে আত্মবিশ্বাসী।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।