ব্যাংকের ভল্টে থাকা প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের মামলায় ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ক্যাশ ইন-চার্জ (সিনিয়র অফিসার) মো. রিফাতুল হকের ২০ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার ৬ নম্বর বিশেষ জজ মো. ইব্রাহিম মিয়া এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত রিফাতুল হক ঢাকার যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকার বাসিন্দা।
রায়ে মামলার অপর আসামি ব্যাংকটির সাবেক এফভিপি ও অপারেশন ম্যানেজার এমরান আহম্মেদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
রিফাতুল হকের অপরাধজনক বিশ্বাসভঙ্গের ধারায় ১০ বছরের কারাদণ্ড এবং আত্মসাৎ করা অর্থের সমপরিমাণ ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা অর্থদণ্ড করেছেন। তবে অর্থদণ্ড অনাদায়ে তার আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অর্থদণ্ডের টাকা পাওয়া গেলে ঢাকা ব্যাংককে ক্ষতিপূরণ হিসেবে প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
রায়ে প্রতারণার ধারায় আসামির ৫ বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড করেছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তার আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া রায়ে দুর্নীতি প্রতিরোধ আইনে আসামির আরও ৫ বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড করেছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
রায়ে বলা হয়েছে, এক ধারার সাজা শেষ হওয়ার পর আরেক ধারার সাজা চলবে। তাই আসামিকে ২০ বছরের কারাভোগ করতে হবে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২১ সালের ১৭ জুন ঢাকা ব্যাংকের প্রধান কার্যালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিদর্শন ইউনিটের একটি দল বংশাল শাখায় নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করে। এ সময় শাখার ভল্টে নগদ অর্থের হিসাবে ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকার ঘাটতি পাওয়া যায়। এ বিষয়ে ক্যাশ ইনচার্জ রিফাতুল হককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ২০২০ সালের ২০ জুন থেকে ২০২১ সালের ১৬ জুন পর্যন্ত বিভিন্ন সময়ে অল্প অল্প করে ওই টাকা সরিয়ে আত্মসাতের কথা স্বীকার করেন।
এজাহারে আরও বলা হয়, ভল্টে রাখা ১০০ টাকার নোটের বান্ডিলের দুই পাশে ৫০০ টাকার নোট এবং ৫০০ টাকার নোটের বান্ডিলের দুই পাশে এক হাজার টাকার নোট সাজিয়ে রাখা হতো। এতে বাইরে থেকে দেখলে বান্ডিলগুলো বেশি মূল্যমানের নোটের বলে মনে হতো। এভাবে ভল্টের প্রকৃত অর্থের ঘাটতি আড়াল করা হতো।
এ ঘটনায় ব্যাংকের বংশাল শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আবু বকর সিদ্দিক বাদী হয়ে ২০২১ সালের ১৭ জুন রিফাতুল হক ও শাখার তৎকালীন এফভিপি ও ম্যানেজার (অপারেশন) এমরান আহমেদের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগে ভল্টের চাবি ও অর্থ সংরক্ষণের দায়িত্বে থাকা এমরান আহমেদের বিরুদ্ধেও যোগসাজশের অভিযোগ আনা হয়। পরে দুদকের অনুমোদনক্রমে ২০২১ সালের ১৯ জুন রিফাতুল হক ও এমরান আহমেদের বিরুদ্ধে দুদক মামলা করে।
২০২২ সালের ২০ সেপ্টেম্বর দুদকের সহকারী পরিচালক মো. হুমায়ুন কবির দুই আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। পরের বছরের ২২ মে আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।