প্রায় নয় বছর ধরে ভাই হত্যার বিচার না পেয়ে এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন জানিয়েছেন জামান আহমেদ নামে এক ব্যক্তি।
আবেদনে তিনি উল্লেখ করেন, তার বড় ভাই জাহিদ উদ্দিন রকি ২০১৭ সালের অক্টোবরে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিচার চেয়ে বিভিন্ন দপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী, মানবাধিকার সংস্থা ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে আবেদন করলেও এখনো কাঙ্ক্ষিত বিচার পাননি বলে অভিযোগ করেন তিনি।
জামান আহমেদ জানান, তার বাবা ১৯৯৬ সালে এবং মা ২০০৬ সালে মারা যান। এরপর থেকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জীবনযাপন করছেন। তিনি দাবি করেন, ভাই হত্যার বিচার চাওয়ায় বিভিন্ন সময়ে হুমকি ও হয়রানির শিকার হয়েছেন। বর্তমানে নিজের নিরাপত্তা নিয়েও তিনি শঙ্কিত।
আবেদনে তিনি আরও বলেন, মামলাটি বিভিন্ন পর্যায়ে তদন্ত হলেও প্রকৃত ঘটনা উদঘাটিত হয়নি বলে তার বিশ্বাস। বর্তমানে মামলাটি সিআইডির তদন্তাধীন রয়েছে। তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত বিচারের দাবি জানান।
প্রধানমন্ত্রীর কাছে দেওয়া আবেদনে তিনি চারটি দাবি উত্থাপন করেন। এগুলো হলো— ভাই হত্যার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জড়িতদের বিচারের আওতায় আনা, ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা এবং তার মানবিক ও আর্থিক দুরবস্থা বিবেচনায় সহায়তা প্রদান।
জামান আহমেদ বলেন, “দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের আশায় বিভিন্ন জায়গায় ঘুরেছি। আমি শুধু আমার ভাইয়ের হত্যার সুষ্ঠু বিচার এবং নিরাপদে বেঁচে থাকার নিশ্চয়তা চাই।”
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।