সীমান্তের শূন্যরেখা পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর সুশান্ত চন্দ্র বিশ্বাসকে আটক করেছে বিজিবি।
গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধীন গুটিবাড়ী বিওপির টহলদল শ্রীমঙ্গলের মোংলামবস্তি চা বাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ছয়টি বিভিন্ন ধরনের পরিচয়পত্র, দাপ্তরিক সিল, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ ১২ হাজার ১৮৫ টাকা উদ্ধার করা হয়েছে।
আটককৃত সুশান্ত কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের বাসিন্দা। তিনি ২০১৬ সাল থেকে নির্বাচন অফিসে চুক্তিভিত্তিকভাবে কর্মরত। বর্তমানে জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে এই কর্মচারীর কর্মস্থলে অনুপস্থিতির বিষয়টিও সামনে এসেছে।
জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, প্রায় এক মাস ধরে কোনো অনুমোদিত ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন সুশান্ত। তার অবস্থান নিয়েও খোঁজ নেওয়া হচ্ছিল।
বিজিবি জানায়, সীমান্ত পিলার ১৯৩৯/এম-এর কাছে শূন্যরেখা অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন সুশান্ত।
বিজিবির জিজ্ঞাসাবাদে সুশান্ত জানান, গত বৃহস্পতিবার শ্রীমঙ্গলে এসে একটি হোটেলে অবস্থান করেন। পরে এক দালালের সহায়তায় সুবিধাজনক সময়ে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করেন। আটকের পর তার কাছ থেকে উদ্ধার করা দুটি এনআইডি ও ছয়টি পরিচয়পত্রসহ অন্যান্য নথিপত্র নিয়ে তৈরি হয়েছে নতুন প্রশ্ন। এসব পরিচয়পত্র, ডিজিটাল তথ্য ও নথিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানিয়েছে, অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে সুশান্ত চন্দ্র বিশ্বাসের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে। সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।