
সাতক্ষীরা সদর উপজেলায় সেনাবাহিনীর সদস্য পরিচয়ে বিয়ের পাত্রী দেখতে গিয়ে আমির হামজা (৩০) নামের এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। শুক্রবার (২৭ নভেম্বর) সদর উপজেলার আগরদাঁড়ি ইউনিয়নের নেবাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
আটক আমির হামজা জেলার দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামের মৃত আব্দুল জলিল সরদারের ছেলে। তিনি সাতক্ষীরা আদালতে আইনজীবী সহকারী হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
সাতক্ষীরা সাইবার ক্রাইম অ্যালার্ট টিমের সদস্য মাহবুব জানান, আমির হামজা দীর্ঘদিন ধরে নিজেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে আসছিলেন। ওই পরিচয়ে তিনি জেলার কালিগঞ্জসহ বিভিন্ন এলাকায় একাধিক বিয়ে করেছেন এবং প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ ও ব্ল্যাকমেইলের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
শুক্রবার আগরদাঁড়ি ইউনিয়নের নেবাখালী এলাকায় এক তরুণীর সঙ্গে বিয়ের উদ্দেশ্যে দেখা করতে যান আমির হামজা। কথাবার্তা ও আচরণে মেয়ের পরিবার ও স্থানীয়দের সন্দেহ হলে ‘সাতক্ষীরা সাইবার ক্রাইম অ্যালার্ট টিম’-এর সহযোগিতায় জিজ্ঞাসাবাদে তাঁর ভুয়া পরিচয়ের বিষয়টি সামনে আসে। পরে স্থানীয় লোকজন তাঁকে আটকে রেখে পুলিশে খবর দেন।
খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয়। আটকের পর তাঁর কাছ থেকে ‘মিনাজ উদ্দীন’ নাম ব্যবহার করে তৈরি করা সেনাবাহিনীর একটি ভুয়া পরিচয়পত্র ও মুঠোফোন জব্দ করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সেনাসদস্য পরিচয় দিয়ে নারীদের সঙ্গে প্রতারণার অভিযোগে ওই যুবককে আটক করা হয়েছে। তিনি থানা হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে প্রতারণাসহ সংশ্লিষ্ট আইনে মামলা করার প্রক্রিয়া চলছে এবং অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।