সারাদেশ

ভূরুঙ্গামারীতে জামায়াত কর্মীর বাড়িতে রহস্যজনক হত্যার হুমকি

  মোহাম্মদ কামরুল হাসান কাজল, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম: ২০ ডিসেম্বর ২০২৫ , ৮:১১:০৩ প্রিন্ট সংস্করণ


কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় জামায়াতের সক্রিয় কর্মী মোঃ শাহ আলমের বাড়িতে রহস্যজনকভাবে হত্যার হুমকি দেওয়া চিরকুট পাওয়া গেছে। চিরকুটে লাল রঙে ইংরেজিতে লেখা ছিল “I Kill You” এবং এতে রক্ত মাখা একটি পুতুলের ছবি ছিল।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় শাহ আলমের স্ত্রী মমতাজ বেগম বাসার বারান্দায় চিরকুটটি দেখতে পান। এতে আতঙ্কিত হয়ে পড়ে পরিবারের সদস্যরা। যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কায় রাতেই শাহ আলম ভূরুঙ্গামারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডিতে উল্লেখ করা হয়, শাহ আলম পাথরডুবি ইউনিয়নের পশ্চিম পাথরডুবি গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে। তিনি ব্যবসার পাশাপাশি একটি বেসরকারি মাদ্রাসা পরিচালনা করেন। বাড়ি তিনি পার্শ্ববর্তী জোবাইদুল ইসলাম এর দেওয়ানের খামার (সরকারি কলেজ রোড) ভাড়া বাসায় থাকেন।

শাহ আলম জানান, “গতকাল বিকেলে আমি বন্ধুদের সঙ্গে কুড়িগ্রামে ইজতেমায় যাচ্ছিলাম। পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলায় পৌঁছালে আমার স্ত্রী হত্যার হুমকি দেওয়া চিরকুটের বিষয়ে জানায়। আমি তাৎক্ষণিক ইজতেমায় না গিয়ে বাসায় ফিরে আসি এবং রাতেই থানায় জিডি করি। বর্তমানে আমার পরিবারের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।”

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, “ঘটনাটি তদন্তাধীন। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।”

আরও খবর

Sponsered content