কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মাটি বোঝাই একটি ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে জাকির হোসেন (৩২) নামে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ডিপেরহাট-সড়ককাটা সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং মোজাম উদ্দিনের ছেলে। তিনি পেশায় ট্রাক্টর চালক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর তথ্য অনুযায়ী, জাকির হোসেন ডিপেরহাট থেকে সড়ককাটা এলাকার দিকে একটি মাটি বোঝাই ট্রাক্টর চালাচ্ছিলেন। সড়কের একটি বাঁকে পৌঁছালে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে উল্টে পড়ে। ট্রাক্টরের নিচে চাপা পড়ায় তিনি পানিতে ডুবে মারা যান।
স্থানীয়রা দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করলে ট্রাক্টরের চালককে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নেওয়া হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনায় একজন ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক। আমরা পরিবারটির প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
ভুরুঙামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিম উদ্দিন জানান, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি সড়ক দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এলাকাবাসী অভিযোগ করেছেন, ওই সড়কটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সড়কের পাশে কোনো নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ছোটখাটো দুর্ঘটনা প্রায়ই ঘটছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে ঝুঁকিপূর্ণ অংশে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
নিহতের পরিবার জানান, জাকির হোসেন পরিবারের প্রধান উপার্জনকারী ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।