ভোলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে সুমন সর্দার (২৮) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
আজ রোববার সকালে ভোলার বিচ্ছিন্ন ভোলার চর নামক জায়গায় এ ঘটনা ঘটে।
ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রাজাপুর ৩নং ওয়ার্ডের নাসির সর্দারের ছেলে গুলিবিদ্ধ সুমন বলেন, ‘আমরা কয়েকজন আজ সকালে গরু নিয়ে চরে যাওয়ার পথে হঠাৎ আমাদের সঙ্গে দীর্ঘদিন যাবৎ বিরোধে থাকা মিন্টু খার নেতৃত্বে পেছন থেকে শেলিম ও হালিম খা গুলি করেন।’
তিনি বলেন, ‘পরবর্তীতে আমার ডাক-চিৎকারে অন্যরা এসে আমাকে উদ্ধার করলে তারা পালিয়ে যান।’
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে ফোর্স পাঠিয়েছি, জমিজমা বিরোধ কেন্দ্র করে সুমন নামের এক যুবকের গায়ে কয়েকটি ছোঁড়া গুলি লেগেছে।’
ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।