প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৬ , ৫:৩৬:২০ প্রিন্ট সংস্করণ
দীর্ঘ আট বছর পর ভোলা থেকে মন্ত্রিসভায় স্থান পাওয়ায় জেলাজুড়ে তৈরি হয়েছে উৎসবের আমেজ। সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকা ভোলায় এসেছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তাকে স্বাগত জানাতে শহরের বিভিন্ন মোড়ে ফুল নিয়ে অপেক্ষায় ছিলেন দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ।
আজ বুধবার দুপুর ১টার দিকে বরিশাল হয়ে স্পিডবোটে ভোলার খেয়াঘাট লঞ্চঘাটে পৌঁছান মন্ত্রী। সেখানে জেলা প্রশাসক শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওসার, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর, জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতনসহ বিএনপি ও বিজেপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা তাকে স্বাগত জানান। পরে ফুল দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়।
পার্থের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই ভোলা শহর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ দেখা যায়। বিভিন্ন মোড়ে ফুল হাতে অবস্থান নেন নেতা-কর্মী ও সাধারণ মানুষ। দীর্ঘদিন পর ভোলা থেকে মন্ত্রী হওয়ায় জেলার মানুষের মধ্যে আনন্দের পাশাপাশি উন্নয়ন ঘিরে নতুন প্রত্যাশাও তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, আন্দালিব রহমান পার্থের মন্ত্রিত্বের সময়ে জেলার যোগাযোগব্যবস্থা, অবকাঠামো ও নাগরিক সুবিধার উন্নয়ন আরও গতিশীল হবে। বিশেষ করে ভোলার দীর্ঘদিনের যোগাযোগ ও অবকাঠামোগত সমস্যাগুলোর সমাধানে তার ভূমিকা থাকবে বলে আশা করছেন তারা।
নতুন বাজারের জেলা বিজেপির কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে পার্থ দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, তার পরিবারের কেউ টেন্ডারবাজি বা চাঁদাবাজির সঙ্গে যুক্ত নন। ভোলার উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
পার্থ বলেন, তার সঙ্গে সবাই থাকলে এবং আল্লাহ চাইলে ভোলায় সবচেয়ে বেশি উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করবেন। উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিরোধী দল, জামায়াতসহ সব পক্ষকে সঙ্গে নিয়ে কাজ করতে চান বলেও জানান তিনি। কাউকে বাদ না দিয়ে ভোলার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে যে দায়িত্ব দিয়েছেন, তা যথাযথভাবে পালনের জন্য সবার কাছে দোয়া চান পার্থ। একই সঙ্গে তার বাবা নাজিউর রহমান মঞ্জুর নাম ও রাজনৈতিক উত্তরাধিকার ধরে রাখার জন্যও সবার সহযোগিতা কামনা করেন তিনি।
আন্দালিব রহমান পার্থের বাবা বিজেপির প্রতিষ্ঠাতা প্রয়াত নাজিউর রহমান মঞ্জু ভোলার রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। স্থানীয়ভাবে ভোলার উন্নয়নে তার ভূমিকার কারণে তিনি ‘ভোলার রূপকার’ হিসেবে পরিচিতি পেয়েছিলেন। বাবার সেই রাজনৈতিক ও উন্নয়নমূলক ভূমিকার ধারাবাহিকতা ধরে রেখে পার্থও ভোলার মানুষের পাশে থাকবেন এমন প্রত্যাশা করছেন স্থানীয় নেতা-কর্মী ও বাসিন্দাদের অনেকে।
পরে মন্ত্রী হিসেবে আন্দালিব রহমান পার্থকে তার নিজ বাসভবনে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ গার্ড অব অনার প্রদান করা হয় । বিকেলে আন্দালিব রহমান পার্থ দক্ষীন দিঘলদিতে তার বাবা প্রয়াত নাজিউর রহমান মঞ্জুর কবর জিয়ারতের কথা রয়েছে।





















