ধর্মীয়ভাবে মুসলিমদের সবচেয়ে পবিত্র শহর মক্কায় ফের আছড়ে পড়েছে ইরানের মদতপুষ্ট ইয়েমেনি গোষ্ঠী হুথি বিদ্রোহীদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। গতকাল (বুধবার) দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কায় পতিত হয়েছে।
এক বিবৃতিতে সৌদি আরবের সামরিক বাহিনী জানিয়েছে, বুধবার তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বাধা পাওয়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কায় পড়েছে। সৌদির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ধ্বংসাবশেষগুলো মক্কার পবিত্র কাবা মসজিদের (মসজিদুল হারাম) প্রায় ৩৫ কিলোমিটার (২২ মাইল) উত্তর-পূর্বের সাবুহা গ্রাম এবং মসজিদটির প্রায় ২১ কিলোমিটার পূর্বে অবস্থিত ওয়াদি আল-মাঘমাস এলাকায় পড়েছে।
গত সেপ্টেম্বর থেকে নতুন করে সংঘাত উস্কে উঠেছে সৌদি আরব এবং ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের মধ্যে। এ সংঘাতের ধারাবাহিকতায় সেপ্টেম্বর এবং অক্টোবরে একাধিকবার মক্কা-মদিনায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুথিরা, তবে প্রতিবারই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তা আটকে দিয়েছে সৌদির সেনাবাহিনী।
মুসলিমদের দুই পবিত্র শহর মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তু করার অভিযোগ অবশ্য হুথিরা বারবারই প্রত্যাখ্যান করে আসছে। গোষ্ঠীটির দাবি, তাদের সামরিক অভিযানগুলো সৌদি আরবের অন্যান্য স্থানে থাকা সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুর বিরুদ্ধে পরিচালিত।
এদিকে মক্কায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পতনের ঘটনাকে নিন্দা জানিয়ে বৃহস্পতিবার এক বিবৃতিতে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে. “বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো এই বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন এবং এটি হুথি বিদ্রোহীদের বিপজ্জনক ও শত্রুভাবাপন্ন মনোভাবেরই বহিঃপ্রকাশ।”
২০১৪ সালে হুথিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয়। এর প্রতিক্রিয়ায়, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে পরের বছর সৌদি আরব ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ শুরু করে।
২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হলে সংঘাত অনেকটা স্তিমিত হয়ে পড়েছিল। তবে চলতি বছরের শুরুর দিকে পুনরায় শত্রুতা শুরু হয়; হুথিরা সৌদি আরবের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এবং এর জবাবে রিয়াদ ইয়েমেনে বিমান হামলা শুরু করে।
সংঘাতের এই নতুন তীব্রতা কৌশলগত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্তকারী এই প্রণালীটি আন্তর্জাতিক নৌচলাচলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ।
সূত্র : রয়টার্স
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।