মঙ্গলঘট পূর্ণ করার মধ্য দিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় রাস পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় সৈকতের জিরো পয়েন্ট সংলগ্ন সমুদ্রে পূজার্চনা শেষে মঙ্গলঘটে জল পূর্ণ করা হয়।
পরে সৈকত সংলগ্ন কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমে মঙ্গলঘটটি স্থাপন করা হয়। এ সময় শাঁখ, উলুধ্বনি ও ঢাক-ঢোলের শব্দে সৈকত এলাকা মুখর হয়ে ওঠে। রাতভর ধর্মীয় নৃত্য, শ্রীমদ্ভাগবত পাঠ, রাসলীলা কীর্তন ও পূজার্চনা চলবে বলে আয়োজকরা জানিয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে সৈকতে গঙ্গাস্নান বা পুণ্যস্নানের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।
উৎসব উপলক্ষে কুয়াকাটায় পুণ্যার্থীদের সমাগম ঘটেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিন শতাধিক পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দ্বাপর যুগে রাধা-কৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে রাস উৎসবের প্রচলন হয় এবং সে বিশ্বাস থেকেই দীর্ঘদিন ধরে কুয়াকাটায় এ উৎসব উদযাপিত হয়ে আসছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।