
নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন উত্তর কাশীপুর দেওয়ান বাড়ি এলাকায় বায়তুল জান্নাত জামে মসজিদের নিচ দিয়ে ময়লার ড্রেনের পাইপলাইন স্থাপনের অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
মসজিদ কমিটি ও স্থানীয়দের দাবি, বিকল্প রাস্তা থাকা সত্ত্বেও একটি ধর্মীয় প্রতিষ্ঠানের নিচ দিয়ে ড্রেনের পাইপলাইন স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। কেন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে সন্তোষজনক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি বলে তারা অভিযোগ করেন।
স্থানীয়দের ভাষ্য, বিষয়টি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের নয়; বরং এটি মসজিদের পবিত্রতা, স্থাপনার নিরাপত্তা এবং ধর্মীয় অনুভূতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত।
স্থানীয় কয়েকজন মুসল্লি বলেন, “আমাদের বা মসজিদ কমিটির কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। বিকল্প রাস্তা থাকা সত্ত্বেও মসজিদের নিচ দিয়ে ময়লার ড্রেন নেওয়ার প্রয়োজনীয়তা কী, সেটিই আমাদের প্রশ্ন। ইসলামি দৃষ্টিকোণ থেকেও বিষয়টি বিবেচনা করা প্রয়োজন।”
এ ঘটনায় মসজিদের নিচ দিয়ে পাইপলাইন স্থাপনের চেষ্টার অভিযোগ এনে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত আবেদন জমা দিয়েছেন মসজিদ সংশ্লিষ্টরা। আবেদনে ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ধর্মীয় প্রতিষ্ঠানের পবিত্রতা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।