
যশোরের বাঘারপাড়া উপজেলার পদ্মবিলা রেলওয়ে জংশনে নবনির্মিত একটি পাঞ্জেগানা মসজিদ ভেঙে ফেলার অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় এলাকাবাসী।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে ‘ধর্মপ্রাণ মুসলিম’ ব্যানারে জংশন প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এলাকাবাসীর অভিযোগ, দূর-দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে রেলওয়ের পতিত জায়গায় স্থানীয়রা অস্থায়ীভাবে একটি পাঞ্জেগানা মসজিদ নির্মাণ করেন। সেখানে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা নামাজ আদায় করে আসছিলেন।
তারা জানান, পাশেই স্থায়ী মসজিদ নির্মাণের জন্য স্থানীয় মোশারেফ মোল্লা জমি দান করেছেন এবং এ সংক্রান্ত দানপত্রের কাজও সম্পন্ন হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, গত ৩১ মার্চ সকালে রেলওয়ে প্রকল্পের দায়িত্বে থাকা এক সেনা কর্মকর্তার নির্দেশে নবনির্মিত মসজিদটির টিনের ঘের ও ইটের গাঁথুনি ভেঙে ফেলা হয়। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন সমাজসেবক অধ্যাপক আশরাফ আলী, যুব জামায়াতের ইউনিয়ন সভাপতি শহিদুল ইসলাম বুলবুল, রাধানগর আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা তবিবুর রহমানসহ স্থানীয়রা।
এ সময় উপস্থিত ছিলেন আসাদুজ্জামান আসাদ, মাওলানা মিলন হোসেন, আব্দুল কাদের, বাকিবিল্লাহ শিমুল রানা, আজগর আলী, ইউপি সদস্য আনিছুর রহমান বিপ্লব, আফসার আলী মোল্লাসহ অনেকে।
এলাকাবাসীর দাবি, দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে মসজিদ পুনর্নির্মাণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।