রাজধানীর মহাখালীতে ‘দূরবীন বাংলা’ রেস্টুরেন্টে হামলা, ভাঙচুর ও কর্মীদের মারধরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ ও ঢাকা-১৭ আসনের স্থানীয় প্রতিনিধি আব্দুর রহমান সানি। একই সঙ্গে তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ক্ষতিগ্রস্ত কর্তৃপক্ষকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) হামলা ও ভাঙচুরে ক্ষতিগ্রস্ত রেস্টুরেন্টটি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
পরিদর্শনকালে আব্দুর রহমান সানি রেস্টুরেন্টের মালিক, কর্তৃপক্ষ ও কর্মীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেন, ‘অনাকাঙ্ক্ষিত এমন পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়।’ এ সময় তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশ দেন। অপরাধীদের শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সেজন্য এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা হবে বলেও তিনি জানান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টার দিকে খাবার পরিবেশনে দেরি ও টোকেন নিয়ে বিরোধের জেরে মহাখালীর দূরবীন বাংলা রেস্টুরেন্টে এ হামলার ঘটনা ঘটে।
ঘটনার শুরুতে সরকারি তিতুমীর কলেজের কয়েকজন শিক্ষার্থী রেস্টুরেন্টে খাবারের অর্ডার দেওয়ার পর পরিবেশনে দেরি হওয়া নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে রেস্টুরেন্টের ম্যানেজারকে লাঞ্ছিত করা হলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে ওই কলেজের আরও কয়েকজন শিক্ষার্থী সেখানে জড়ো হয়ে রেস্টুরেন্টে অতর্কিত হামলা ও ভাঙচুর চালান।
হামলাকারীরা রেস্টুরেন্টের কাচের দেয়াল, আসবাবপত্র ও বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে এবং কর্মীদের মারধর করে। এ সময় হামলার ভিডিও ধারণ করতে যাওয়া এক পথচারী ও এক রিকশাযাত্রীকেও হেনস্তা করা হয় বলে অভিযোগ উঠেছে।
খবর পেয়ে বনানী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, খাবারের অর্ডার নিয়ে রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষার্থীদের ঝগড়া ও হাতাহাতির জেরে সহপাঠীদের ডেকে এনে এ ভাঙচুর চালানো হয়।
ওসি আরও জানান, শুক্রবার পর্যন্ত রেস্টুরেন্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। তবে পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।