নওগাঁর মহাদেবপুর উপজেলায় কৃষ্ণগোপালপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়–এ দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা দৌড়, লংজাম্প, হাইজাম্প, বল নিক্ষেপসহ নানা ইভেন্টে অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ-উদ্দীপনা পুরো অনুষ্ঠানজুড়ে চোখে পড়েছে।
শেষ দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমা রাণী মজুমদার–এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. অরিফুজ্জামান, মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শফিউল আলম এবং একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম। এ ছাড়া সহকারী প্রধান শিক্ষক বিপুল চন্দ্র মণ্ডল, সহকারী শিক্ষক ইব্রাহীম খলিল, রঞ্জিত হাজরা, এরশাদ আলীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ক্রীড়া চর্চা শৃঙ্খলাবোধ ও নেতৃত্বগুণ বিকাশে সহায়ক। সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন সম্পন্ন হওয়ায় অতিথিরা আয়োজকদের ধন্যবাদ জানান।
