নওগাঁ প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৬ , ৭:২৭:৫১ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মহাদেবপুরে দ্রুতগতির ট্রাকের মুখোমুখি ধাক্কায় শুকুর আলী (৫৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর মেয়ের জামাই সাদ্দাম হোসেন (৩৪) আহত হলেও মোটরসাইকেলে থাকা ১০ বছরের নাতি অক্ষত রয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ছাতুনতলী-দেবীপুর মোড়ের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শুকুর আলী পার্শ্ববর্তী নিয়ামতপুর উপজেলার পাইকরা গ্রামের বাসিন্দা। আহত সাদ্দাম হোসেন একই গ্রামের জিয়ার আলী মন্ডলের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ছাতুনতলী এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে কন্যাযাত্রী হিসেবে অংশ নেন শুকুর আলী। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় মেয়ের জামাই সাদ্দাম হোসেন ও ১০ বছরের নাতিকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে নিজ গ্রাম নিয়ামতপুরের উদ্দেশে রওনা হন তিনি।
পথে ছাতুনতলী-দেবীপুর মোড়ের মাঝামাঝি এলাকায় পৌঁছালে মহাদেবপুর থেকে শিবপুরগামী একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলটিকে সামনে থেকে প্রচণ্ড ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই শুকুর আলীর মৃত্যু হয়। এ সময় সাদ্দাম হোসেন আহত হলেও সঙ্গে থাকা শিশুটি কোনো আঘাত ছাড়াই বেঁচে যায়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারসহ দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





















