সারাদেশ

মহেশপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ জন আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ

  তানভীর সরদার, স্টাফ রিপোর্টার: ২০ ডিসেম্বর ২০২৫ , ৪:৫৬:৪০ প্রিন্ট সংস্করণ


ঝিনাইদহের মহেশপুর উপজেলার যুগিহুদা গ্রাম থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে মাদক বিক্রির নগদ টাকা ও বহন কাজে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল।

শনিবার সকালে মহেশপুর থানার পুলিশ উপজেলার যুগিহুদা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন—যুগিহুদা গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী লাইলি বেগম, তাঁর ছেলে লিমন হাসান এবং পার্শ্ববর্তী জলিলপুর গ্রামের মেহেদি হাসান জিসান।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, দেলোয়ার হোসেনের বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা মজুদ রয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বাড়ির মালিক দেলোয়ার হোসেন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তার স্ত্রী, ছেলে ও এক সহযোগীকে আটক করা হয়।

পুলিশের অভিযানে ওই বাড়ি থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ৮ লাখ ৪ হাজার ৮৭০ টাকা এবং তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দকৃত মাদক, টাকা ও যানবাহন বিধি অনুযায়ী ট্রেজারিতে জমা দেওয়া হবে।

পলাতক দেলোয়ার হোসেনকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও খবর

Sponsered content