
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী ও শিশুসহ ১১ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি সীমান্ত পারাপারে সহায়তার অভিযোগে দুই দালালকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ভারতীয় ৯৬টি যৌন উত্তেজক ট্যাবলেট ও ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মহেশপুর উপজেলার কুসুমপুর, খোসালপুর ও শ্যামকুড় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ ছাড়া মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে কুসুমপুর সীমান্ত থেকে আরও এক নারীকে আটক করে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুসুমপুর বিওপির একটি বিশেষ টহল দল পিপুলবাড়িয়া গ্রামের পাকা রাস্তা থেকে হাসেম আলী (৫৫) ও শাহাব উদ্দিন (৫০) নামের দুই ব্যক্তিকে আটক করে। তাঁদের কাছ থেকে ৯৬টি যৌন উত্তেজক ট্যাবলেট ও ৪০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
একই দিন রাত ৮টা ২০ মিনিটের দিকে খোসালপুর বিওপির টহল দল খোসালপুর গ্রামের একটি স-মিল থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তিন পুরুষ, তিন নারী ও দুই শিশুসহ আটজনকে আটক করে। রাত ৯টা ২০ মিনিটের দিকে শ্যামকুড় বিওপির টহল দল মাইলবাড়িয়া গ্রামের তিন রাস্তার মোড় থেকে আরও দুই পুরুষকে আটক করে।
এ ছাড়া মঙ্গলবার সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে কুসুমপুর বিওপির টহল দল চাপাতলা গ্রামের একটি কমলা বাগানের পাশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে আরও এক নারীকে আটক করে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, সীমান্ত দিয়ে অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবির টহল ও অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।