
মাগুরার শ্রীপুরে গৃহবধূ লিমা খাতুন (২৪) হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে তার স্বামী সুজন শেখকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর তিনি হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
পুলিশ সুপার জানান, বুধবার সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটের দিকে বড়উদাস মাঠে স্থানীয় বাসিন্দা জামাল শেখ এক নারীর গলায় রশি পেঁচানো মৃতদেহ পড়ে থাকতে দেখেন। পরে এলাকাবাসীকে জানালে ভুক্তভোগীর বাবা হাই জোয়ার্দার মরদেহটি শনাক্ত করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় এবং তদন্ত কার্যক্রম শুরু করে।
প্রাথমিক তদন্তে জানা যায়, গত ৩০ মার্চ ভুক্তভোগী লিমা খাতুন শ্বশুরবাড়ি ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর গ্রাম থেকে শাশুড়ি জাহেরা বেগমকে নিয়ে বাবার বাড়ি বড়উদাসে বেড়াতে আসেন। পরদিন ৩১ মার্চ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে একটি ফোনকল পেয়ে তিনি ছোট মেয়ে মরিয়মকে নিয়ে পাশের বাড়িতে যান। পরে শিশুটিকে ফুফুর কাছে রেখে মোবাইলে কথা বলতে বলতে বাইরে চলে যান। রাত ৯টা পর্যন্ত ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন সকালে মাঠে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত স্বামী সুজন শেখ জিজ্ঞাসাবাদে জানান, প্রায় সাত বছর আগে তাদের ভালোবাসার বিয়ে হয় এবং তাদের সংসারে দুই সন্তান রয়েছে। পারিবারিক কলহের জেরে পূর্ব পরিকল্পিতভাবে তিনি স্ত্রীকে ঘটনাস্থলে ডেকে নিয়ে হত্যা করেন।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।