লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মাদক ব্যবসায়ীদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। গতকাল শুক্রবার মধ্যরাতে ওই উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই কর্মকর্তার মধ্যে সাব-ইন্সপেক্টর (এসআই) রুহুল আমিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকায় চুরি ও মাদক মামলার আসামি রাশেদকে গ্রেপ্তার করতে যান হাতীবান্ধা থানার এসআই রুহুল আমিন ও এএসআই লতিফ। এ সময় আসামি রাশেদ ও তার সহযোগীরা অতর্কিতে দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালায়। হামলায় এসআই রুহুল আমিন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, পুলিশের ওপর হামলার এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের বিশেষ অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।