হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের রামেশ্বর গ্রামে ইসলামী ফ্রন্ট মনোনীত ‘মোমবাতি’ প্রতীকের প্রার্থী মুফতি তাহেরির এক কর্মীর ওপর সন্ত্রাসী হামলা ও প্রচারণামূলক ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) জুমার নামাজের পর এ ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, কয়েকজন দুর্বৃত্ত ‘মোমবাতি’ প্রতীকের প্রার্থী মুফতি তাহেরির কর্মী আবিদ হাসান শিপনের পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলে। এ সময় তাকে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়া হয়।
ঘটনার পর আবিদ হাসান শিপন সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে পুরো ঘটনার বর্ণনা দেন এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এর আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা এলাকায় প্রচারণাকালে একই প্রার্থীর আরেক কর্মীর কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া ও তাকে মারধরের অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় মুফতি গিয়াস উদ্দিন তাহেরি চুনারুঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় ইসলামী ফ্রন্টের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে ভয়ভীতি ও সন্ত্রাসী কার্যক্রম চালানো হচ্ছে, যা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে।
এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাসেম বলেন, “এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়দের দাবি, দ্রুত সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।