মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ২৪ মার্চ ২০২৬ , ৮:১৮:২৬ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন এলাকায় ঈদের ছুটিতে বেড়াতে যাওয়ার পথে একটি পরিবারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ একই পরিবারের অন্তত ৬ জন আহত হয়েছেন। হামলার সময় তাদের কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
সোমবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ছাতিয়াইন-পৈলাবাড়ি সড়কে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী তোফায়েল চৌধুরী জানান, তিনি পরিবারের সদস্যদের নিয়ে পিয়াইম গ্রামে বেড়াতে যাচ্ছিলেন। পথে ছাতিয়াইন এলাকায় পৌঁছালে তাদের বহনকারী সিএনজি অটোরিকশার গতি রোধ করে রাব্বি ও জুয়েল মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী। পরে তারা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়, এতে পরিবারের সদস্যরা গুরুতর আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন— সুলতান চৌধুরী, নিপা আক্তার, পান্না চৌধুরী, তানভীর চৌধুরী, শাহেন শাহসহ আরও একজন।
ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা পরিবারের নারী সদস্যদের কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থ জোরপূর্বক ছিনিয়ে নেয়।
এ ঘটনায় তোফায়েল চৌধুরী বাদী হয়ে ছাতিয়াইন গ্রামের কুতুব মিয়ার ছেলে রাব্বি, জুয়েল মিয়াসহ অজ্ঞাত আরও ৩-৪ জনের বিরুদ্ধে মঙ্গলবার মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।














