প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৬, ৩:১০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৬, ৬:০৬ অপরাহ্ণ
মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখম, স্ত্রী পলাতক

হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক বিরোধের জেরে স্বামী মামুন মিয়াকে (৩২) খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে ঘুমন্ত অবস্থায় মসলা পেষার পাথরের শিল দিয়ে মাথা ও মুখমণ্ডলে আঘাত করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্ত্রী মমতা বেগমের (২৫) বিরুদ্ধে। গুরুতর আহত মামুন বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।'
বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে মামুনের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। ঘটনার পর স্ত্রী মমতা বেগম বাড়ি থেকে পালিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন স্বজনেরা।'
আহত মামুন মিয়া শ্রীধরপুর গ্রামের কাউছার আহমেদের ছেলে। অভিযুক্ত স্ত্রী মমতা বেগম উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলাপুর গ্রামের শফিক মিয়ার মেয়ে। প্রায় পাঁচ-ছয় বছর আগে তাঁদের বিয়ে হয়। তাঁদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে।,
মামুনের পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ানোর পর তিনি ঘুমিয়ে পড়েন। এ সময় মমতা বেগম মসলা পেষার পাথরের শিল দিয়ে তাঁর মাথার পেছনের অংশ ও মুখমণ্ডলে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে বাড়িতে ফেলে রেখে স্ত্রী পালিয়ে যান বলে স্বজনদের দাবি।'
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে মামুনের গুরুতর আহত অবস্থার ছবি প্রকাশ করে তাঁর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা। ছবিতে তাঁর মাথা ও মুখমণ্ডলে গুরুতর আঘাতের চিহ্ন দেখা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।'
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com