
হবিগঞ্জের মাধবপুরে সুরমা চা-বাগানে ঘুরতে গিয়ে এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, অপর অভিযুক্ত এখনো পলাতক রয়েছে।
পুলিশ জানায়, সোমবার (২৩ মার্চ) রাতে মাধবপুর বাজার এলাকা থেকে ৩৪ বছর বয়সী মো. জসিম মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ভুক্তভোগীর ছিনিয়ে নেওয়া সোনার দুল উদ্ধার করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে ভুক্তভোগী তরুণী পরিচিত এক যুবককে সঙ্গে নিয়ে সুরমা চা-বাগানে বেড়াতে যান। সন্ধ্যার দিকে বাগানের ভেতরে হাঁটার সময় দুই ব্যক্তি ‘ডাকাত’ বলে ধাওয়া করলে তার সঙ্গী পালিয়ে যান। পরে ওই দুই ব্যক্তি তরুণীকে জোরপূর্বক বাগানের ভেতরে নিয়ে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করে পালাক্রমে ধর্ষণ করে।
এরপর নির্যাতিতাকে মারধর করে তার কানে থাকা প্রায় ২৫ হাজার টাকা মূল্যের সোনার দুল ছিনিয়ে নেয় তারা। একপর্যায়ে ভুক্তভোগীর সঙ্গী পুলিশে খবর দিলে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তরুণীকে উদ্ধার করা হয় এবং একজনকে আটক করা হয়।
পুলিশ আরও জানায়, অপর অভিযুক্ত মো. শাহীন মিয়া ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আগেও একাধিক ধর্ষণ মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।