
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:: হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বরুড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে একসঙ্গে প্রাণ হারিয়েছে দুই শিশু। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে ঘটে যাওয়া এ হৃদয়বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।
নিহত দুই শিশু হলো—একরাম মিয়া (৭) ও তামান্না আক্তার (৭)। একরাম উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের দক্ষিণ সুরমা গ্রামের আনাম মিয়ার ছেলে। সে তার নানা আইয়ুব আলীর বাড়িতে বরুড়া গ্রামে থাকত। অন্যদিকে, তামান্না বরুড়া গ্রামের সুলেমান মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে খেলছিল একরাম ও তামান্না। খেলতে খেলতে একপর্যায়ে তারা পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। পরে স্থানীয়রা পুকুরে তল্লাশি চালিয়ে দুজনকেই মৃত অবস্থায় উদ্ধার করেন।
একরামের মা মর্জিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন,
“আমার মানিক ধন এভাবে চলে যাবে, ভাবতেই পারিনি। এখন আমি কী নিয়ে বাঁচব!”
খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই মর্মান্তিক ঘটনায় পুরো বরুড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারি, প্রতিবেশীদের কান্না—সব মিলিয়ে ভারী হয়ে উঠেছে গ্রামজুড়ে পরিবেশ।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।