হবিগঞ্জের মাধবপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আফরোজ মির্জা (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
নিহত আফরোজ আদাঐর ইউনিয়নের আদাঐর গ্রামের মুক্তার মিয়ার ছেলে এবং মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে আদাঐর গ্রামে পুকুর থেকে মাটি সরানোকে কেন্দ্র করে দুলাল মিয়া ও আশিক মিয়ার পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষ হয়। এতে আফরোজসহ পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আফরোজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকার পপুলার হাসপাতালে স্থানান্তর করা হয়।
দুই দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার বিকেলে আফরোজ মারা যায়।
মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. কবির হোসেন বলেন, “সংঘর্ষে আহত আফরোজ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ঘটনাটির তদন্ত চলছে, আইনগত প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
তরুণ শিক্ষার্থীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।