হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৬ বোতল ভারতীয় বিয়ার, দুটি স্মার্টফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শনিবার (৩০ মে) বিকেল ৪টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর তেলিয়াপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বুলেট চা-বাগান এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, টহলরত বিজিবি সদস্যরা একটি সন্দেহভাজন মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ৬ বোতল ভারতীয় বিয়ার, দুটি স্মার্টফোন ও একটি মোটরসাইকেল জব্দ করেন। একই সঙ্গে জাকারিয়া খন্দকার (৩০) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
আটক জাকারিয়া খন্দকার ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের বাসিন্দা।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৮৯ হাজার টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে এবং জব্দকৃত মালামাল মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।