
হবিগঞ্জের মাধবপুরে বিজিবির চোরাচালানবিরোধী অভিযানে একটি কাভার্ড ভ্যানের গোপন কুঠুরি থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও শাল জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য প্রায় ২ কোটি ২৬ লাখ টাকা।
বুধবার (১৭ ডিসেম্বর) ভোরে ঢাকা–সিলেট মহাসড়কের সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি পণ্য উদ্ধার করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, অভিযানের সময় কাভার্ড ভ্যানটি তল্লাশি করে ভেতরে নির্মিত বিশেষ গোপন কুঠুরি থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও শাল উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কোনো চালক বা সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, “জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। চোরাচালান চক্র শনাক্তে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।”
বিজিবি জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।