খেলাধুলা

মাধবপুরে বৈকুণ্ঠপুর চা-বাগান থেকে অবৈধ কাঠ জব্দ

  প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২৫ , ৫:৫৭:৩৯ প্রিন্ট সংস্করণ

 

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বৈকুণ্ঠপুর চা-বাগান থেকে বন বিভাগ অবৈধভাবে কাটা প্রায় ১০৮ ফুট কাঠ জব্দ করেছে। যার বাজারমূল্য কয়েক লাখ টাকা বলে জানা গেছে।

বুধবার (২৯ অক্টোবর) সকালে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে স্থানীয় বিট কর্মকর্তা গোলাম কাদেরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে স্থানীয় সাংবাদিক ত্রিপুরারী দেবনাথ তীপু ও মুজাহিদ মুসি উপস্থিত থেকে সাক্ষী হিসেবে দায়িত্ব পালন করেন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানে জব্দ করা কাঠ চা-বাগানের ভেতরে মজুদ অবস্থায় পাওয়া যায়। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। এখন পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয়নি।

স্থানীয় বিট কর্মকর্তা গোলাম কাদের বলেন,“আইনশৃঙ্খলা কমিটির সভায় ইউএনও স্যারের সঙ্গে বিষয়টি আলোচনা হয়েছিল। বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় গাছগুলো জব্দ করা হয়েছে। পরবর্তী আদেশ পেলে মামলা দেওয়া হবে।”

অন্যদিকে, সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন,“ঘটনাটি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হচ্ছে। চা-বাগানের ব্যবস্থাপনায় অনিয়ম ও নীতিলঙ্ঘনের অভিযোগ প্রাথমিকভাবে পাওয়া গেছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনেরও দায়িত্ব রয়েছে।”

স্থানীয় চা শ্রমিকদের অভিযোগ, বৈকুণ্ঠপুর চা-বাগানের দুই ম্যানেজার শামসুল হক ও গোলাম মহিউদ্দিন দীর্ঘদিন ধরে বাগানের গাছ কেটে পাচার করে আসছেন।

বাগানের ম্যানেজার শামসুল হক ভুইয়া এ অভিযোগ অস্বীকার করে বলেন, “একটি মহল বাগান নিয়ে ঘৃণ্য খেলায় মেতে উঠেছে। যে কাঠ জব্দ করা হয়েছে বলা হচ্ছে, সেগুলো আসলে লাকড়ির কাঠ।”

আরও খবর

Sponsered content