হবিগঞ্জের মাধবপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজিকে কুপিয়ে হত্যার ঘটনায় রেনু মিয়া (৫৫) নামে এক চাচাকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের সীতাকুন্ড থেকে র্যাব-৯ ও র্যাব-৭ এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, নিহত সুমাইয়া আক্তার এক্তিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। গত ১৬ জুন সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে বাড়ি থেকে বের হয়ে চাচা জয়নাল মিয়ার বাড়ির পথে দুর্বৃত্তরা তাকে দা ও ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে হবিগঞ্জ সদর হাসপাতাল হয়ে ঢাকায় নেওয়ার পথে নরসিংদীতে রাত সোয়া ১২টার দিকে তার মৃত্যু হয়।
ঘটনার পর নিহতের বাবা বাদী হয়ে মাধবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্তে বেরিয়ে আসে, প্রতিবেশীকে ফাঁসাতে আপন ভাতিজিকেই নির্মমভাবে হত্যা করেন রেনু মিয়া।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্প এবং র্যাব-৭, চট্টগ্রামের যৌথ টিম ভাটিয়ারী বিএমএ গেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রেনু মিয়া মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মাধবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।