মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ১১ অক্টোবর ২০২৬ , ৩:১০:০৮ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুর পৌরসভার মাধবপুর বাজারে সোনাই নদীর তীরবর্তী মাছ বাজারের সড়কে ময়লা-আবর্জনার স্তূপ জমে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। এসব বর্জ্য থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এতে দুর্ভোগ পোহাচ্ছেন পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি নদীর পানি দূষিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা যায়, বাজারের সোনাই নদীর তীরবর্তী সড়কের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা পড়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের বাসাবাড়ির বর্জ্য নির্দিষ্ট স্থানে না ফেলে যত্রতত্র ফেলা হচ্ছে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম না থাকায় পরিস্থিতির অবনতি হচ্ছে। দুর্গন্ধের কারণে বাজারে চলাচল ও ব্যবসা পরিচালনায় ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, মাধবপুর বাজার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। অথচ বাজারের পাশেই সোনাই নদীর তীরে ময়লার স্তূপ পড়ে থাকায় পরিবেশের সৌন্দর্য নষ্ট হচ্ছে। তাঁরা দ্রুত বর্জ্য অপসারণ, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার ব্যবস্থা এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালুর দাবি জানান।
পরিবেশকর্মী রাহেলা বেগম বলেন, আইন থাকলেও এর যথাযথ প্রয়োগ হচ্ছে না। শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশের নালা-নর্দমায়ও ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখা যায়। এ সমস্যা সমাধানে নিয়মিত অভিযান পরিচালনা ও জনসচেতনতা বাড়ানো প্রয়োজন।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, ময়লা-আবর্জনা পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। এসব বর্জ্য পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি করতে পারে। পাশাপাশি জলজ প্রাণীরও ক্ষতি হচ্ছে। যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মেহেদী হাসান বলেন, “বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজার ও সোনাই নদীর তীরবর্তী এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্যোগ নেওয়া হবে।”
সচেতন মহলের মতে, শুধু ময়লা অপসারণ করে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। বর্জ্য ব্যবস্থাপনা জোরদার, যত্রতত্র ময়লা ফেলা বন্ধ এবং নিয়মিত তদারকি নিশ্চিত করা জরুরি। তা না হলে নদীর তীরের পরিবেশদূষণ ও জনদুর্ভোগ অব্যাহত থাকতে পারে।





















