
সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক দুইটি বিশেষ অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে ভারতীয় কসমেটিক্স, জিরা ও বাংলাদেশি মশার কয়েলসহ আনুমানিক ১ কোটি ৩০ লাখ টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করা হয়েছে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৮ জানুয়ারি) ভোরে ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল মাধবপুর উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কের সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় কৌশলগত অবস্থান নেয়।
ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে একটি কাভার্ড ভ্যান ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হলে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স ও বাংলাদেশি মশার কয়েল উদ্ধার করা হয়।
এছাড়া একই দিন ভোর ৪টার দিকে একই এলাকায় পরিচালিত আরেকটি বিশেষ অভিযানে একটি ট্রাক তল্লাশি করে বালুর নিচে বস্তাবন্দি অবস্থায় লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত চোরাই পণ্যসমূহ আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।