সারাদেশ

মাধবপুর–চুনারুঘাট আসনে উন্নয়নের পাঁচ খাতে বৈপ্লবিক পরিবর্তনের অঙ্গীকার ফয়সলের

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ১৮ নভেম্বর ২০২৫ , ১১:৩০:৫৬ প্রিন্ট সংস্করণ


হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেছেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান—এই পাঁচ খাতে বৈপ্লবিক পরিবর্তন এনে পুরো অঞ্চলে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করা হবে। তিনি আরও বলেন, “গত সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। মানুষ এখন পরিবর্তন ও সুশাসন চায়।”

সোমবার বিকেলে আদাঐর ইউনিয়নের মৌজপুর বাজারে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়সল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্র ও পুনর্গঠনের ভিত গড়ে দিয়েছিলেন, বিএনপি আজও সেই আদর্শে অটল। ক্ষমতায় গেলে প্রতিটি ইউনিয়নে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান, মাতৃসেবা কেন্দ্র, জরুরি চিকিৎসাসেবা এবং গ্রামীণ সড়ক উন্নয়নে বিশেষ বরাদ্দ দেওয়া হবে।

তিনি অভিযোগ করে বলেন, পৌরসভার নিকটবর্তী হওয়া সত্ত্বেও আদাঐর ইউনিয়ন এখনো প্রাথমিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। এটি সরকারের সুস্পষ্ট ব্যর্থতা।

সনাতন সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকারের বিষয়ে তিনি বলেন, “এই এলাকার সনাতন ধর্মাবলম্বীরা পূর্ণ নাগরিক সেবা ও ধর্মীয় স্বাধীনতা ভোগ করবেন। বিএনপি সব ধর্ম-বর্ণের মানুষের সমান অধিকারে বিশ্বাসী।”

গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে ক্ষুদ্র উদ্যোগ, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প, বাজার অবকাঠামো উন্নয়ন এবং নারী উদ্যোক্তা উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন তিনি।

দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা নিয়ে ফয়সল বলেন, “একটি পরাজিত শক্তি নির্বাচন বানচাল করতে নানামুখী ষড়যন্ত্র করছে। জনগণ এসব অপচেষ্টা সফল হতে দেবে না।”

তিনি তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দুর্নীতিমুক্ত প্রশাসন, গণতন্ত্র পুনরুদ্ধার ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ধানের শীষে ভোট চান।

সভায় সভাপতিত্ব করেন আদাঐর ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান মীর খুর্শেদ আলম। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান। এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপি সেক্রেটারি আলাউদ্দিন আল রনি, সহ-সভাপতি হাজী অলি উল্লাহ, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল বাবুলসহ অন্যান্য নেতারা।

দুপুর থেকে বিভিন্ন গ্রামের মিছিল এসে মৌজপুর বাজারে সমবেত হলে পুরো এলাকা ঢাক-ঢোল, নাচ-গান আর উচ্ছ্বাসে উৎসবমুখর হয়ে ওঠে। নারী-পুরুষ ভোটারের ব্যাপক উপস্থিতিতে জনসভা জমজমাট হয়ে ওঠে।

আরও খবর

Sponsered content