হবিগঞ্জের মাধবপুর উপজেলার মাধবপুর–মনতলা সড়কের দু’পাশে জঙ্গলি ঝোপঝাড় গজিয়ে ওঠায় যাত্রী ও যানচালকরা আতঙ্কিত। স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিনই সড়কটি ব্যবহার করতে গিয়ে ডাকাতি ও দুর্ঘটনার ভয়ে নাজেহাল হতে হচ্ছে।
স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, ঝোপঝাড়ের কারণে অন্ধকারে দুর্বৃত্তরা সহজেই লুকিয়ে থাকতে পারে। বিশেষ করে রাতের বেলায় সড়কটি ভীতিকর হয়ে ওঠে। চালকরা বলেন, সড়কের টার্নিং পয়েন্টে ঝোপঝাড়ের কারণে একপাশ থেকে অপর পাশ দেখা যায় না, ফলে যানবাহন ক্রসিংয়ে সমস্যা সৃষ্টি হয় এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ে।
স্থানীয়রা আরও উল্লেখ করেন, যেখানে ঝোপঝাড় বেশি, সেখানেই অপরাধীরা আড়াল হিসেবে ব্যবহার করে। রাস্তার পাশে যত্রতত্র ঝোপঝাড় শুধু সৌন্দর্যহানি ঘটাচ্ছে না, নিরাপত্তাও ব্যাহত হচ্ছে। তারা দাবি করেছেন, দ্রুত সড়কের দু’পাশের ঝোপঝাড় পরিষ্কার করে আলো ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এই বিষয়ে আদাঐর ইউনিয়নের চেয়ারম্যান মীর খুরশেদ আলম বলেন, “উপজেলা মাসিক মিটিংয়ে বিষয়টি তুলে ধরেছি। ঝোপঝাড়ে ডাকাত লুকিয়ে থাকে এবং সন্ধ্যার পর বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে।”
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম জানিয়েছেন, “ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।