
হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক অভিযানে ভারতীয় মাদকসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান শনিবার দিবাগত রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় তেলিয়াপাড়া বিওপির একটি টহলদল উপজেলার তেলিয়াপাড়া এলাকার ১৬ নম্বর চা-বাগানে অভিযান চালায়। এ সময় ১১৯ বোতল ভারতীয় ইস্কফ সিরাপসহ শুভ পাইনকা (১৯) নামে এক যুবককে আটক করা হয়। তিনি ওই এলাকার ননি দাশ পাইনকার ছেলে।
এছাড়া সিন্দুরখান বিওপির টহলদল লালটিলা এলাকায় অভিযান চালিয়ে জঙ্গলে লুকানো অবস্থায় ১৩১ কেজি ভারতীয় ফুচকা উদ্ধার করে। একই দিন সাতছড়ি বিওপির টহলদল বাজারটিলা এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে।
আটক ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়ায় মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত অন্যান্য মালামাল সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।