হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৯৬ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ ও দুটি অ্যাপাচি মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তেলিয়াপাড়া বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, উরিষ্যা লাইন এলাকায় সন্দেহজনক দুইটি মোটরসাইকেল থামানোর সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা ধাওয়া করে একজনকে আটক করে, তাঁর নাম জুয়েল মিয়া (৩৫)। তিনি মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের ছুবুর মিয়ার ছেলে।
পরে মোটরসাইকেলের বডি ও আসনের নিচে লুকানো অবস্থায় ১৯৬ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় তিন লাখ ৯৩ হাজার ৪০০ টাকা।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, “আটক ব্যক্তি ও জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে টহল আরও জোরদার করা হয়েছে।”
বিজিবির ধারাবাহিক এই অভিযান সীমান্ত এলাকায় মাদক পাচার বন্ধে কার্যকর ভূমিকা রাখছে বলে স্থানীয়রা জানান।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।