
দেশের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন হয়—এই বিষয়টি মনে রেখে জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন।
মঙ্গলবার কুষ্টিয়ার কুমারখালী উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় জেলা প্রশাসক বলেন, “সবাইকে কর্মক্ষেত্রে মানবিক হতে হবে। আচরণে বিনয়ী ও নম্র থাকতে হবে। আমাদের বেতন হয় সাধারণ মানুষের ট্যাক্সের টাকায়, সুতরাং আমাদের কাজও হতে হবে মানুষের কল্যাণে।”
তিনি আরও বলেন, “গণভোট বিষয়ে জনগণকে সচেতন করতে মসজিদের ইমামদের প্রচার চালানোর জন্য বলা হয়েছিল, তারা তা যথাযথভাবে পালন করেছেন।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, “আগামী নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে থানার ওসিকে তৎপর হতে নির্দেশ দেওয়া হয়েছে। আচরণবিধি প্রতিপালনে প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে। ইতোমধ্যে কয়েকটি স্থানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। ধীরে ধীরে আইনশৃঙ্খলা রক্ষায় আমরা আরও কঠোর পদক্ষেপ নেব।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার, সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. শামীমা আক্তার, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা রাইসুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।